প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাব থেকে টিউমার: শাহরাস্তির ডাঃ আরিফের দুই চমক, আবারও আলোচনায়!

সাইফুল ইসলাম সিফাত

চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অপারেশনের মাধ্যমে রোগীর পেট থেকে অস্বাভাবিক বড় আকারের টিউমারটি বের করা হয়। বর্তমানে রোগী পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার ৪৫ বছর বয়সী এক নারী (ছদ্মনাম: শাহীনা বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তীতে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে চিকিৎসকদের সিদ্ধান্তে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান জানান, “প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত করা হয়। অপারেশনের সময় এর আকার দেখে আমরাও বিস্মিত হয়েছি।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, “রোগীকে সরাসরি না দেখে মন্তব্য করা কঠিন। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার অবশ্যই একটি বড় ঘটনা।”

রোগীর স্বজনরা গণমাধ্যমে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, মফস্বলে জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. আরিফ উল হাসান আগেও আলোচনায় এসেছেন। ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া প্রায় ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

এবার ডাবের পর বিশাল টিউমার অপসারণ—দুই ঘটনাতেই শাহরাস্তির এই সার্জনকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন