প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৯:৫২ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংসদে যেখানে লুকিয়ে ছিলেন সাবেক স্পিকার, যা জানা গেল

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। ওইদিন ছাত্র-জনতার আন্দোলনের সময় তাকে জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নেওয়ার গুঞ্জন ছড়ায়। পরে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়।

এরপর দীর্ঘ সময় ধরে তিনি কোথায় অবস্থান করছিলেন তা নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন—এ নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার ধানমন্ডির নিজ বাসা থেকেই তাকে আটক করা হয়েছে।

এদিকে, তার বিরুদ্ধে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে দায়ের করা এ মামলায় তাকে প্রধান আসামিদের একজন করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় এলোপাতাড়ি গুলিতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আসামিদের প্রভাবে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয়।

মামলাটিতে আরও কয়েকজন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত ও জিজ্ঞাসাবাদের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন