প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ১০:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চাঞ্চল্য: জ্বরের রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন!

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। জ্বর নিয়ে চিকিৎসা করতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই অবহেলা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের মেয়ে আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে সেবা নিতে আসেন। উভয় রোগীকে জরুরি বিভাগে দেখে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন।

কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করে দেন। এ ঘটনায় রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছালে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। তবুও দায়িত্বে অবহেলার কারণে ওই কর্মকর্তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।”

অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন