চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পাঁচটি শ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে চারটিই অর্জন করেছে হাজীগঞ্জ থানা। এতে জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় থানাটির সাফল্য নতুন করে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
সভায় মার্চ মাসের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বার। এছাড়াও একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জানা যায়, পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দিতে দেশের প্রতিটি জেলায় নিয়মিতভাবে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “পুরস্কার দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। আমরা সবসময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা পেলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে।
জেলার পাঁচটি পুরস্কারের মধ্যে চারটি অর্জনের মাধ্যমে হাজীগঞ্জ থানা তাদের দক্ষতা ও কার্যক্রমের ধারাবাহিকতা আবারও প্রমাণ করেছে

সাইফুল ইসলাম সিফাত