সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় দুই বছর নয় মাস আগে সৌদি আরবে যান ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে তাঁর বাবার মুঠোফোনে মৃত্যুর খবর জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, ফোনে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান। তবে দীর্ঘ ২০ দিন পর পরিবার এ খবর জানতে পারে।
চার ভাইবোনের মধ্যে ফরিদ ছিলেন সবার ছোট। তাঁর মৃত্যুসংবাদে পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের স্বজনেরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এস. এম ইকবাল