চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রেখে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। সেই সাথে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহনাফ আব্দুল কাদির এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, জাফরানী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাসিম, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ২০২৬ ইং সালে অত্র বিদ্যালয় থেকে ৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির।

মাসুদ হোসেন