শাহরাস্তি উপজেলা-এ এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত একজনসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টামটা দক্ষিন ইউপির শংকরপুর গ্রাম কাজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির (৭১) গত ১৭ এপ্রিল দুপুর শুক্রবার আনুমানিক ১২টার দিকে তার বসতবাড়ির সীমানায় টিনের বেড়া নির্মাণের কাজ করছিলেন।
এ সময় একই এলাকার কাজী অনিক, মেহেদী হাসান, কাজী রবিউল, আব্দুল মন্নান, কাজী অন্তর, কাজী ঐশ্বর্য, কাজী ইসমাইল সহ অজ্ঞাতনামা আরও ৭:জন সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়।
প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে নির্মাণকাজে থাকা মোঃ মহিউদ্দিন মিলন গুরুতর আহত হন। তার ডান হাতের কব্জির নিচে আঘাতপ্রাপ্ত হয়ে থেতলানো জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
এ সময় হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির ও তার পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা বসতঘরে আশ্রয় নিলে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে দুর্বৃত্তরা বাড়ির লাকড়ির ঘর, নির্মাণাধীন ইটের দেয়াল ও টিনের বেড়া ভাঙচুর করে,পানি সরবারহের মটর লাইন ভেঙ্গে ফেলে এবং ফলজ গাছ কেটে ফেলে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির শাহরাস্তি থানা-এ লিখিত অভিযোগে ৭ জনকে অভিযুক্ত এবং ৪/৫ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এবং প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে আসছিল।
এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি