চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। সব বিদ্যালয়ে যেমন শিক্ষার মান সমান হওয়া উচিত, তেমনি সুযোগ-সুবিধাও সমান হওয়া প্রয়োজন। গত ১৫ বছর ধরে এই প্রতিষ্ঠানের দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয়নি। তবে বিদ্যালয়ের একটি ইতিবাচক দিক হলো সামনে খেলার মাঠ রয়েছে। শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারবে, যা তাদের মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী থাকতে হবে। কিশোর গ্যাং কিংবা মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। ভালো ফলাফল করলে তাঁর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেন তিনি। পড়াশোনায় কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান। তিনি বলেন, “আমার সন্তানকে যেভাবে সহযোগিতা করি, তোমাদেরও একইভাবে সহযোগিতা করবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একরামুল সিদ্দিক।
সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ও শিক্ষক শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ বেপারী এবং এসএসসি পরীক্ষার্থী মাহিদা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অনেকে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

অনলাইন ডেস্ক