প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর শহরে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের পর শহরের পালবাজার ব্রিজের গোড়া থেকে চৌধুরীঘাট পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিসা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন।

অভিযানে পালবাজার ব্রিজ সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকানের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এছাড়া পালবাজার ব্রিজের পাশবর্তী সড়কের ধারে থাকা ফুডকার্ট, ফুচকা ও চটপটির দোকানও উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে শহরে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করে চলাচল করতে হচ্ছিল, ফলে যানজট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। বিশেষ করে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। এতে করে শহরের স্বাভাবিক শৃঙ্খলা ও সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি জনসাধারণের দৈনন্দিন চলাচলেও চরম দুর্ভোগ নেমে এসেছিল।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের সৌন্দর্য রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন