প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৭:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ নারী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই নারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সামছুন্নাহার ও তাঁর কিশোরী কন্যা সুমাইয়া আক্তার মারিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির শিশুদের খেলাকে কেন্দ্র করে সামির ও মিরাজের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, ঘটনার একপর্যায়ে নজরুল ইসলাম বাড়িতে এসে বাঁশ ও লাঠি দিয়ে সামছুন্নাহারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর স্ত্রী ও মা-ও হামলায় অংশ নেন বলে স্থানীয়দের দাবি।

হামলায় সামছুন্নাহার গুরুতর আহত হন। তাঁর মাথায় আঘাত লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মাকে রক্ষা করতে গেলে তাঁর মেয়ে মারিয়াকেও মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সামছুন্নাহারের মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। মারিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তিনি শারীরিকভাবে দুর্বল রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন