প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ । ৯:০৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দানবাক্স ভেঙে টাকা চুরি, শাস্তি না দিয়ে চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দেয়ায় প্রশংসায় ভাসছে সেই মাদরাসা

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবে না, এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদরাসার দানবাক্স ভাঙার সময় তাকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মাদরাসা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন এবং এটিকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে মারধর না করে মাদরাসার হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার জন্য উপদেশ দেন। সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেন।
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, ঘটনাটি ভিন্নধর্মী ছিল। সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু এখানে মাদরাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে, এটি সত্যিই প্রশংসনীয়।
মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী জানান, আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছে এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন