প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারি খালের ওপর ভবন নির্মাণ, কচুয়ায় প্রশাসনের নীরবতায় ক্ষোভ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া পৌরসভার বিশ্বরোড এলাকায় সরকারি প্রবাহমান খালের ওপর ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসন ও পৌরসভাকে অবগত করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ, কচুয়া ও সাচার সড়কের সংযোগস্থল বিশ্বরোড এলাকার ব্র্যাক অফিসের দক্ষিণ পাশে অবস্থিত কচুয়া বাজারসংলগ্ন সরকারি খালটির ওপর এ নির্মাণকাজ চলছে। সম্প্রতি খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের কারণে নির্ধারিত অংশে কাজ করতে পারছেন না ঠিকাদাররা।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবন নির্মাণের শুরুতেই আব্দুল জলিলকে সরকারি জায়গায় স্থাপনা না করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি পৌরসভা ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খাল খননের জন্য বেকু (এক্সকাভেটর) আনা হয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানে ভবন থাকায় কাজ এগোতে বাধার মুখে পড়েছে। এ সময় উপস্থিত স্থানীয়রা অবৈধ স্থাপনা অপসারণ করে খালটি উন্মুক্ত করার জোর দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, সারা দেশে খাল খনন ও জলাশয় রক্ষায় সরকারের উদ্যোগ থাকলেও স্থানীয়ভাবে তা বাস্তবায়নে ব্যত্যয় ঘটছে। তাঁদের অভিযোগ, প্রভাবশালী মহলের কারণে সরকারি সম্পত্তি দখল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, ‘সরকারি জায়গায় অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করা হয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবন অপসারণ করে খালটি উন্মুক্ত করা হবে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন