মতলব উত্তর উপজেলায় তৃণমূল পর্যায়ে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান এবং সাধারণ সম্পাদক ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, গ্রাম পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নতুন কুঁড়ি স্পোর্টস সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তাদের মেধা ও মনন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও কারাতে ইভেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

মনিরুল ইসলাম মনির