চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। পরিদর্শনকালে হাসপাতালের অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (৪ মে ২০২৬) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এমপি হান্নান বলেন, রোগের কারণ সম্পর্কে চিকিৎসকেরা ভালোভাবেই অবগত। সে অনুযায়ী রোগীদের সেবা দিতে হবে। তবে শুধু চিকিৎসা দিলেই দায়িত্ব শেষ হয় না; হাসপাতালের পরিবেশ নোংরা থাকলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়তে পারেন।
তিনি বলেন, চিকিৎসকেরা নিজেদের পরিচ্ছন্নতা বজায় রাখেন, পরিপাটি পোশাক পরেন—এটি যেমন জরুরি, তেমনি রোগীদের শয্যা ও থাকার পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্যথায় রোগের প্রকোপ বাড়তে পারে।
স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে এমপি হান্নান বলেন, সরকার চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার অভাব থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে সরকার ব্যবস্থা নিচ্ছে। এরপরও কোনো ঘাটতি থাকলে তা জানাতে হবে। প্রয়োজনে ব্যক্তিগতভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এস. এম ইকবাল