প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৮:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অসহায় মহসিন মিয়াকে ঘর উপহার দিলো জামায়াতে ইসলামী

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চরপাড়া এলাকার অসহায় মোঃ মহসিন মিয়ার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশিষ্ট সমাজসেবক ডাঃ সাঈদুল হক পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় মানবিক এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হয়।

জানা যায়-দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছিলেন মহসিন মিয়া। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তার বসতঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। সম্প্রতি নির্মাণ কাজ সম্পন্ন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে মহসিন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বি. এম. কলিমুল্ল্যাহ ভূঁইয়া, দ্বাদশগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মনির হোসাইন, সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, ৮নং ওয়ার্ড সভাপতি শাহ আলমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন-সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। একটি নিরাপদ বাসস্থান মানুষের মৌলিক অধিকার—এই বিশ্বাস থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন-এ ধরনের সহায়তা অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করে। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত মহসিন মিয়া বলেন-আমি অনেকদিন ধরে খুব কষ্টে ছিলাম। আল্লাহর রহমতে আজ একটি ভালো ঘর পেলাম। যারা আমাকে এই ঘর দিয়েছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন