প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ১০:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রশাসন ও এমপির উদ্যোগে হাজীগঞ্জে হারানো খাল উদ্ধার কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জে দখল ও দীর্ঘদিনের অবহেলায় প্রায় বিলীন হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় শুরু হওয়া এই কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে প্রশাসনের একটি দল খালের বিভিন্ন অংশ পরিদর্শন করে। এসময় সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা খালের প্রকৃত সীমানা নির্ধারণে সিএস ও আরএস রেকর্ডসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।

জানা যায়, একসময় হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে বড় মসজিদের উত্তর পাশ, রজনীগন্ধা মার্কেট সংলগ্ন এলাকা এবং থানা সংলগ্ন দক্ষিণ দিক অতিক্রম করে খালটি বোয়ালজুড়ি খালের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দখলদারদের কবলে পড়ে খালের বড় অংশ বিলীন হয়ে যায়। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন ও উদ্ধার করা গেলে বাজার এলাকার জলাবদ্ধতা সমস্যার বড় ধরনের সমাধান সম্ভব। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে।

হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা খায়রুল কবির আবাদ বলেন, “একসময় এই খালই ছিল এলাকার প্রধান পানি প্রবাহের পথ। এখন দখল ও অব্যবস্থাপনার কারণে খালের অস্তিত্বই প্রায় হারিয়ে গেছে।” তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন খাল ও জলাশয় একইভাবে দখলের শিকার হচ্ছে। এমনকি হাজীগঞ্জ পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জলাশয়টিও দখল হয়ে গেছে।

সচেতন মহলের মতে, প্রশাসনের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে হাজীগঞ্জ বাজারের পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন