প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৬:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গভীর রাতে জমিতে স্থাপনা নির্মাণ, দখলচেষ্টার অভিযোগ

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের পুষ্পতলী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরবড়ালী মৌজার সিএস ১৫০ ও এসএ ১৩৯ খতিয়ানের সিএস ১৫৭৫ দাগের অন্তর্ভুক্ত জমি ২২৯২ নম্বর এওয়াজ বদল দলিলমূলে প্রয়াত মহাব্বত আলী মালিকানা লাভ করেন। তার মৃত্যুর পর থেকে ওয়ারিশরা ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একই এলাকার মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক ও মেহেদী হাসানসহ একটি সংঘবদ্ধ দল জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে টিনের ঘর নির্মাণ করে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে মহাব্বত আলীর ছেলেরা জমিটি ভোগদখল করে আসছেন। ৫ মে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় সেখানে কোনো স্থাপনা ছিল না। সকালে এসে তারা একটি টিনের ঘর দেখতে পান।
মহাব্বত আলীর ছেলে ডা. ফরহাদ বলেন, “২০০৩ সালে আমার বাবা এওয়াজ বদল দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেন। বাবার মৃত্যুর পর থেকে আমরা জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু গত রাতে একটি সংঘবদ্ধ চক্র টিনের ঘর নির্মাণ করে জবরদখলের চেষ্টা করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ হোসেনদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন