প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুর রহমান (৪৪) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) গভীর রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জোড়কবর এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুর রহমান উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে। তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ‘রহমান স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এলাকায় তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন নুর রহমান। রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে তিনি বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হন। তবে বাড়িতে পৌঁছানোর আগেই ঘটে দুর্ঘটনা।
নিহতের ভাই মোহাম্মদ হাবিব উল্যাহ জানান, জোড়কবর এলাকার সড়কে স্থানীয়রা নুর রহমানকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নুর রহমানের মৃত্যু হয়েছে।
এদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রোববার (১০ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন