প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য রোধে সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য রোধ, রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে পরিচালিত এ মানবিক কার্যক্রমে হাসপাতালজুড়ে সচেতনতামূলক প্রচারণা, মাইকিং এবং রোগীদের সরাসরি পরামর্শ প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবীরা জানান, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হলেও একটি অসাধু দালালচক্র দীর্ঘদিন ধরে অসহায় রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই অন্যায়ের বিরুদ্ধে সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কার্যক্রম চলাকালে হ্যান্ড মাইকে রোগীদের উদ্দেশ্যে বলা হয়, কোনো দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতালের সেবাকেন্দ্র থেকে তথ্য নিতে এবং সন্দেহভাজন দালাল দেখলে কর্তৃপক্ষকে জানাতে। একইসঙ্গে ঘোষণা দেওয়া হয়, সতর্কতার পরও দালালচক্র সক্রিয় থাকলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তদের নাম ও ছবি হাসপাতালের গেইটে টানিয়ে জনসচেতনতা তৈরি করা হবে।

গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। কিছু অসাধু দালালের কারণে সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য আমরা মাঠে নেমেছি। শুরু করেছি সরকারি হাসপাতাল থেকে, প্রয়োজনে প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। মানবতার প্রশ্নে কোনো আপস নয়।”

তিনি আরও বলেন, “একজন অসহায় রোগী যখন হাসপাতালে আসে, তখন সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকে। সেই মুহূর্তে প্রতারণা সবচেয়ে বড় অমানবিকতা। তাই সমাজের সচেতন মানুষদেরও দালালদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা মোঃ ইউসুফ, এএসআই মাজেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মানবতার পক্ষে, দালালমুক্ত চিকিৎসা ব্যবস্থার দাবিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন