প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ১০:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চ মাতাবেন কুদ্দুস বয়াতি ও সৈয়দ অমি

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় আগামী ১৬ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত খোর্দ্দখাল খনন কর্মসূচির উদ্বোধন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতিতে এখন সরগরম উয়ারুক জনপদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তিতে পৌঁছানোর কথা রয়েছে। সফরের শুরুতেই তিনি উপজেলার গুরুত্বপূর্ণ খোর্দ্দখাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের কাজ।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনারও। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপন পাটওয়ারী জানান, সকাল থেকেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরেণ্য বাউল শিল্পী কুদ্দুস বয়াতি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সেই আনন্দঘন পরিবেশকে আরও বর্ণিল করে তুলতেই আমাদের এই উদ্যোগ।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে উয়ারুক এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।
পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উয়ারুক সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বেশ কয়েকবার অনুষ্ঠান স্থল পর্যবেক্ষণ করেছেন।
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। জনসমাগম নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন