চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৩ মে দাখিলের ইসলামের ইতিহাস পরীক্ষা ছিল। ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রের নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে দেখতে পায় অনিয়মিত পরীক্ষার্থী দু’জনের প্রশ্ন আনা হয়নি।
বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা উপজেলার কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম। পরে চাঁদপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে প্রায় সোয়া দশটার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের হাতে দেয়া হয় প্রশ্ন। ওই দুই পরিক্ষার্থী ছিলেন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, পরীক্ষা কেন্দ্রে যথাযতভাবে দায়িত্ব পালন না করায় এবং দায়িত্ব অবহেলার কারনে কেন্দ্র সচিব সফিকুল ইসলামকে তার পরীক্ষা সংশ্লিষ্ট সকল ধরনের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মোজাম্মেল প্রধান হাসিব