প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সরকারি ভিপি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে সরকারি ভিপি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি কার্যালয়ের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও নির্মাণকাজ থামেনি। বরং শ্রমিক সংখ্যা বাড়িয়ে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, কল্যাণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য দাসাদী এলাকার ডিলারের বাড়ির মোড় সংলগ্ন স্থানে শামসুল হক জমাদারের ছেলে প্রভাবশালী খোকন জমাদার সরকারি ভিপি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত ১১ মে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রতিনিধি পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে লাল কাপড় টানিয়ে চিহ্নিত করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বৈধ কাগজপত্র নিয়ে ভূমি কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ওই নির্দেশ অমান্য করে খোকন জমাদার নির্মাণকাজ অব্যাহত রাখেন।

মঙ্গলবার দুপুরে সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নির্মাণকাজ চলমান থাকার সত্যতা পান। সেখানে ব্যাপক কর্মযজ্ঞ দেখা যায়। ইতোমধ্যে ভবনের নিচতলার বেশ কিছু অংশে ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। তবে ভিপি সম্পত্তিতে ভবন নির্মাণের বিষয়ে শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রভাবশালী খোকন জমাদার আইন-কানুনের তোয়াক্কা না করে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করছেন। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের কাজ বন্ধ রেখে কাগজপত্রসহ অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন