শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল কার্যক্রমে পৃথক অভিযানে এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাতভর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি বুধবার (২১ মে) নিশ্চিত করেছে শাহরাস্তি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চিতোষী পূর্ব ইউপির কালচোঁ পাকা রাস্তার মাথা বিএডিসি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।
এসময় নুর মোহাম্মদ ইয়ামিন (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নুর মোহাম্মদ ইয়ামিন চিতোষী (মিলিটারী বাড়ি) এলাকার মোহাম্মদ আলীর পুত্র ।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩০, জিআর নং-১৩১/২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে একই দিনে থানার এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে জিআর ৯৩৮/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ জসিম উদ্দিনকে আটক করেন।
তিনি শাহরাস্তি উপজেলার শ্রীপুর এলাকার আব্দুল মতিনের ছেলে। আটকের পর উভয় আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মোঃ মাসুদ রানা