শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়’-এর পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আবু ইউসুফ রুপন পাটওয়ারী। একই সঙ্গে তিনি উপজেলার আরেক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ’-এর পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করছেন।
শিক্ষা অঙ্গনে তার ধারাবাহিক সম্পৃক্ততা ইতোমধ্যে স্থানীয় মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। গত ২১ মে ২০২৬ বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪(১০) অনুযায়ী গঠিত এ কমিটি চিঠি জারির তারিখ থেকে পরবর্তী ৬ মাস দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আবু ইউসুফ রুপন পাটওয়ারী মনোনীত হয়েছেন।
পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আমির হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ বিল্লাল হোসেন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এদিকে, গত বছরের ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবেও মোঃ আবু ইউসুফ রুপন পাটওয়ারীকে মনোনয়ন দেওয়া হয়। স্মারক নম্বর আইএনএস০২-৩০০১২৮/২০১৭/৩৯০৯/৬৯৪৬ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সে থেকে তিনি মেহের কলেজের কল্যাণে পাঠকার্যক্রম,ক্যাম্পাসের সুরক্ষা, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, কলেজের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। যা ইতোমধ্যে প্রশংসায় বাড়ছেন তিনি।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একই সময়ে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে দায়িত্ব পাওয়ায় শিক্ষা ব্যবস্থাপনায় সমন্বয়, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
বিশেষ করে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এক সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নিয়ম অনুযায়ী দ্রুত অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আশা করি, নবগঠিত কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
নবনিযুক্ত সভাপতি মোঃ আবু ইউসুফ রুপন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি সমাজ গঠনের কেন্দ্র। উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সবার সহযোগিতা প্রয়োজন।
জানা গেছে, এ সংক্রান্ত আদেশের অনুলিপি ইতোমধ্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা এবং শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা