প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ঘোষণা : এমপি মমিনুল হক

সাইফুল ইসলাম সিফাত

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো: মমিনুল হক বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কেউ রাজনৈতিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিটিতে থাকতে পারবে না। যারা ইতোমধ্যে রয়েছে, তাদের চিহ্নিত করে কমিটি থেকে বাদ দিতে হবে। সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করা গেলে মাদকের সঙ্গে জড়িতরা ধীরে ধীরে নিষ্পেষিত হয়ে পড়বে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর বা ইউপি সদস্য পদে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে পরাজিত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে স্কুল, মাদরাসা ও কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, “হাজীগঞ্জ উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মোবাইল নিয়ে ক্লাসে যেতে পারবে না। এমনকি শিক্ষকরাও ক্লাস চলাকালে মোবাইল ব্যবহার করতে পারবেন না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ হাছান তানভীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক ও কিশোর গ্যাং দমনে পাড়া-মহল্লাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উপজেলা উন্নয়ন সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন