প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামিসাসহ নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মহামায়ায় মিছিল ও মানববন্ধন

মাসুদ হোসেন
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুর সদরের মহামায়ায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।
সোমবার (২৫ মে) বিকেলে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পশ্চিম বাজার হয়ে মধ্য বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সড়কের পাশে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মহামায়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এতে উক্ত এলাকার ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির, মান্দারী ছাত্র-যুব প্রবাসী সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ইমরুল কায়েস, লোধেরগাঁও আল ইসলাহ যুব সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ফাহিম, ইসলাহুল উম্মাহ সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মোঃ শিব্বির আহমেদ ত্বোহা, গাজী স্পোটিং ক্লাবের সভাপতি নূর আলম গাজী, মানবতার ডাক ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার মজুমদার, সমাজ সেবা যুব সংঘের সহ সভাপতি সালমান হোসেন রাসেল সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ঘটনায় বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে অপরাধ প্রবণতা আরও বাড়ছে। তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসার হত্যাকারীর ফাঁসি বাস্তবায়নের দাবি করেন। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
​উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে শাহমাহমুদপুর ইউপি মেম্বার কবির হোসেন রনি, সমাজসেবক মিজানুর রহমান পাটওয়ারী সহ সামাজিক সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও পেস্টুন প্রদর্শন করেন। উক্ত কর্মসূচিতে মহামায়া ক্রীড়া চক্র, চৌরাস্তা স্বপ্নময় সামাজিক সংগঠন ও আল আনসার যুব সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন