প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পৌরবাসীর প্রতি মেয়র প্রার্থী জাকির মজুমদারের খোলা চিঠি ও ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি

নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে হাজীগঞ্জ পৌরবাসীর প্রতি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদার। খোলা চিঠির শুরুতে তিনি পৌরবাসীর সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

খোলা চিঠিতে মেয়র প্রার্থী জাকির মজুমদার বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘মেয়র পদে’ আমি একজন প্রার্থী। যদি আল্লাহ চান এবং আপনাদের সমর্থন লাভ করতে পারি; হাজীগঞ্জ পৌরসভাকে জনসেবা এবং জনকল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করবো এবং দেশের মধ্যে একটি মডেল হিসেবে উপস্থাপন করা আমার প্রত্যয়, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনাদের সমর্থন পেলে বিড়ম্বনা ও হয়রানিমুক্ত নাগরিক সেবাকে অগ্রাধিকার দিবো। অপচয়-দুর্নীতিমুক্ত উন্নত অবকাঠামো গড়ে তোলা হবে। পরিচ্ছন্ন ও সবুজ হাজীগঞ্জ শহর গড়ে তোলার বিজ্ঞানসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। জলাবদ্ধতা দূর করা হবে। উন্নত পয়োঃনিষ্কান ব্যবস্থা করা হবে।

এই মেয়র প্রার্থী আরও বলেন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হবে। জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে। পিছিয়েপড়া জনগোষ্ঠির কর্মক্ষম ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। নারী শিক্ষা এবং নারীদের স্বনির্ভরতা অর্জনে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতি চর্চার ক্ষেত্রকে প্রসারিত করা হবে, ইনশাআল্লাহ।

তিনি পৌরবাসীকে উদ্দেশ্য করে বলেন, সম্মানিত পৌরবাসী, আমি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে সাংবাদিকতা করেছি। দেশি-বিদেশি সেবা ও জনকল্যাণমুলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ছিলাম। আমি দেখেছি, কিভাবে জনগণের টেক্সের টাকা, সরকারি বরাদ্দ এবং দেশ-বিদেশের বিভিন্ন অনুদানের টাকা ‘উন্নয়ন এবং জনগণের কল্যাণে’ ব্যয় না করে ছয়নয় করা হয়, লুটপাট করা হয়। এসবের বিরুদ্ধে আমি জীবন ও জীবীকার ঝুঁকি নিয়ে সততার সঙ্গে দিনের পর দিন লিখেছি, লড়াই করেছি।

জাকির মজুমদার বলেন, আল্লাহর ইচ্ছায়, যদি আপনারা আমাকে মেয়র পদে নির্বাচিত করেন, আমি জনগণের এসব সম্পদ রক্ষা করবো এবং পৌরসভার উন্নয়ন, পৌরবাসীর কল্যাণে ও সেবায় ব্যয় করবো। একইসঙ্গে সর্বক্ষেত্রে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা জেনে থাকতে পারেন, মেয়র পদে নির্বাচনে আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমর্থন করার ঘোষণা এসেছে। আলহামদুলিল্লাহ। এজন্য আমি জামায়াতে ইসলামী এবং দলটির সর্বস্তরের জনশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সকল দল, মত, ধর্ম ও সর্বস্তরের পৌরবাসীর সমর্থন, পরামর্শ, দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে এই মেয়র প্রার্থী বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় ব্যানার ও প্রতীকে হবে না, সেহেতু শুধু জামায়াতে ইসলামী নয়, আমি সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া চাই।

খোলা চিঠির অংশে তিনি বলেন, সম্মানিত পৌরবাসী, আশ্বাস নয়, বিশ্বাস রাখুন। অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নের সিদ্ধান্ত, নীতি নির্ধারণ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে জনগণ। কর্তৃত্বপরায়ণ নয়, পৌরবাসীর সেবক হতে চাই। পরিবর্তন আপনার হাতেই। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হোন। ইনসাফ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অংশ নিন।

পৌরবাসীর প্রতিটি দিন যেনো ঈদের ন্যায় আনন্দময়, ত্যাগ ও সম্মিলিত উৎসবের আমেজময় হয়ে উঠে এমনটি কামনা করেন জামায়াতে ইসলামি সমর্থিত মেয়র প্রার্থী সাংবাদিক জাকির মজুমদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন