প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তামাকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে : ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি উপজেলা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, “আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাকের আসক্তি মোকাবেলা। এর আগে একটি সচেতনতামূলক র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, “তামাক ও নিকোটিন শুধু একজন মানুষের জীবনকেই বিপন্ন করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। নানা কৌশলী প্রচারণা ও আকর্ষণীয় বিপণনের মাধ্যমে বহুজাতিক তামাক কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ধূমপান ও তামাকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করতে হবে। আসুন, আমরা নিজেরা তামাকমুক্ত জীবন গড়ে তুলি এবং অন্যদেরও তামাক বর্জনে উদ্বুদ্ধ করি।
উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাস্থ্যগত ঝুঁকি ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম হোসেন। তামাকের বাজারজাতকরণ, ক্ষতিকর প্রভাব এবং প্রচলিত আইন সম্পর্কে আলোচনা করেন উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, চেয়ারম্যান রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আঃ রাজ্জাক, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীবৃন্দ, টিম লিডার নাবিদ ইশতিয়াকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, তামাক আসক্তি মাদকাসক্তির অন্যতম প্রবেশদ্বার। তাই তরুণ সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন