শাহরাস্তিতে প্রেমিকার বিয়ের রাতেই জাহেদ হোসেন (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার একটি গ্রামের খালপাড়ের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ হোসেন দীর্ঘদিন ধরে একই এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তবে পারিবারিক ও সামাজিক নানা কারণে তাদের সম্পর্কের পরিণতি হয়নি। মঙ্গলবার গভীর রাতে ওই তরুণীর অন্যত্র বিয়ে সম্পন্ন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাত থেকে ভোরের কোনো এক সময় জাহেদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনের খালপাড়ে বেপারী বাড়ি সংলগ্ন একটি রেন্ডি কড়ই গাছের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।

মোঃ মাসুদ রানা