দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শাহরাস্তিতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ নিশ্চিত করতে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার সূচীপাড়া বাজার, আয়নাতলী বাজার ও চিতোষী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা।
চাঁদপুর জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর ) এর নির্দেশনায় পরিচালিত অভিযানে জরুরি পরিষেবা ব্যতীত খোলা থাকা অন্যান্য দোকান ও শপিংমল বন্ধ করে দেওয়ার আদেশক্রমে অনুরোধ জানানো হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী সরকারি এ নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছিলেন। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় জ্বালানি সুরক্ষার স্বার্থে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রথম দিন হিসেবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট, দোকানপাট এবং বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং সরকারি আদেশ বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের আকস্মিক অভিযানে বাজারগুলোতে ব্যবসায়ীদের মধ্যে তৎপরতা দেখা যায় এবং দ্রুত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করা হয়। স্থানীয় সচেতন মহল বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

মোঃ মাসুদ রানা