চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের বিস্তার, প্রকাশ্যে মাদকসেবীদের আনাগোনা এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সোমবার (৮ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম।
বক্তারা অভিযোগ করেন, একসময় শিক্ষা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ বালিথুবা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমানে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে মদনেরগাঁও গ্রামের একটি পরিবার দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্য, সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয়দের মারধর, হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।

এস. এম ইকবাল