হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হক (৫৪) আর নেই। মঙ্গলবার (৯ জুন) সকালে হৃদরোগজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মো. আব্দুল হক কচুয়া উপজেলার কালচোঁ গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির মরহুম আব্দুল ওয়াদুদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় নিজ বাসভবনে হঠাৎ বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাজা এবং বিকেল ৩টায় তাঁর কর্মস্থল বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের বড় ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন এবং দেশে ফেরার পথে রয়েছেন। তাঁর আগমনের পর বুধবার বাদ জোহর কচুয়া উপজেলার কালচোঁ গ্রামের নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মো. আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান মিয়াজী, হাজীগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান মজুমদার রানা, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানসহ অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রসূল স্বপন, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ এবং বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. আনোয়ার হোসেন।
এর আগে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুল, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। জানাজায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
শিক্ষক আব্দুল হকের মৃত্যুতে শোকাহত শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

অনলাইন ডেস্ক