প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যক্ষ ধূমপানের তুলনায় পরোক্ষ ধূমপান মানবস্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। ব্যক্তি, পরিবার ও সমাজকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে তামাক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সুস্থ, নিরাপদ ও সুন্দর জীবন গঠনে তামাক ও নিকোটিনের আসক্তি পরিহারের কোনো বিকল্প নেই।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ধূমপান ও তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মসংস্থান, বিদেশে পাঠানোর সুযোগ, কনসার্ট আয়োজনসহ বিভিন্ন প্রলোভনে বিভ্রান্ত হওয়া যাবে না। আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ধূমপান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সে হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ১৮ জন মানুষ তামাকজনিত কারণে প্রাণ হারাচ্ছেন। দেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের ৬ দশমিক ৯ শতাংশ কোনো না কোনোভাবে তামাকের সংস্পর্শে আসে। বর্তমানে দেশে প্রায় এক কোটি ৯২ লাখ মানুষ ধূমপান করেন।

এ ছাড়া প্রায় দুই কোটি ৫০ লাখ মানুষ গণপরিবহনে, ৮১ লাখ মানুষ কর্মস্থলে এবং চার কোটিরও বেশি মানুষ নিজ বাসায় পরোক্ষ ধূমপানের শিকার হন। অন্যদিকে জর্দা, গুল, সাদাপাতা ও খৈনিসহ ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুই কোটি ৫০ লাখ। দেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের ৪৬ শতাংশই তামাক ব্যবহারকারী। পাশাপাশি দেশের মোট মৃত্যুর ২ দশমিক ৫১ শতাংশের জন্য পরোক্ষ ধূমপান দায়ী বলে সভায় উল্লেখ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন