প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৯:০৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদ চায় জনগণ

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর পৌরসভার নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে নারায়ণপুর পৌরসভার আয়োজনে পূর্ব রসুলপুর আল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে এ গণশুনানীর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। গণশুনানী পরিচালনা করেন, নারায়ণপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. সাইফুর রহমান।
নারায়ণপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের উপস্থিত স্থানীয় জনগণের মতামত গ্রহণের পর বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মিঞা মো. মামুন, হারুন অর রশিদ, জীবন তালুকদার।
এছাড়া বিভিন্ন পেশাজীবিদের মধ্যে বক্তব্য রাখেন, সোলাইমান প্রধান, মানিক মোল্লা, আবু সাইদ, সিয়াম, মফিজ মুন্সী, বুলবুল মিঞা প্রমুখ।
গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত পৌর নাগরিকরা উন্মুক্ত মতামত প্রকাশ করেন। মতামত প্রকাশে ঐক্যবদ্ধকন্ঠে হাজারও জনগণ পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবি তোলেন। পরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জনগণের দাবির উপর ভিত্তি করে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হবে বলে আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরও বলেন, আশা রাখি খুব দ্রুত আপনাদের যৌক্তিক দাবী বাস্তবায়ন করা হবে।।
 উপস্থিত হাজারোও জনগণ পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদ বহাল রেখে নাগরিক সেবা প্রদানের জন্য আহ্বান জানান সংশ্লিষ্টদের কাছে।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিয়ে মামলা জটিলতার কারণে গেল বেশ কয়েক বছর যাবত জনগণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। জনগণের বৃহৎ স্বার্থে নারায়ণপুর পৌরসভার গেজেট বাতিল করে পুনরায় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ বহাল রেখে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় গণশুনানী থেকে। এসময় বক্তারা ইউনিয়নের ভৌগলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন এই গণশুনানীতে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন