প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১১:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তিতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ মাসুদ রানা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মনিরা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তিতে আজকের এ কার্যক্রমের সূচনা হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি সবুজ-শ্যামল বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি বলেন, কেবল গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। জাতীয় এ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। বক্তারা পরিবেশ সংরক্ষণে গাছের অপরিসীম গুরুত্ব তুলে ধরে সরকারের এ উদ্যোগকে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন। তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় সরকারের এ জাতীয় কর্মসূচির প্রশংসা করেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার অ্যাকাউন্টস অফিসার সৈয়দ মশিউর রহমান, প্রধান অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের দু’পাশ এবং খালি জায়গাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, কর্মসূচির প্রথম দিনেই উপজেলা কমপ্লেক্স চত্বর, শাহরাস্তি পৌরসভা কমপ্লেক্স চত্বর এবং রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর সড়কে বিপুল সংখ্যক গাছের চারা রোপণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন