জাতীয় দৈনিক ভোরের ঢাক পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এইচ এম নিজাম। রবিবার (১৫ জুন) পত্রিকার সম্পাদক কে এম বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
সাংবাদিক এইচ এম নিজাম ২০০৯ সালে সাংবাদিকতা পেশায় আত্মপ্রকাশ করেন। দীর্ঘ প্রায় দেড় দশকের সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠক-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
বর্তমানে তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দৈনিক নয়া প্রভাত পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও কর্মরত রয়েছেন।
চাঁদপুর জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে তিনি ইতোমধ্যে সাংবাদিক মহলে সুনাম অর্জন করেছেন।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এইচ এম নিজাম বলেন, “সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো পাঠকদের সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব। পত্রিকা কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি নতুন দায়িত্ব পালনে চাঁদপুরের সর্বস্তরের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সহকর্মী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিনিধি