শাহরাস্তি উপজেলায় কৃষিজমির টপ সয়েল কর্তন ও অবৈধভাবে বেড়ি নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ভেকু অপসারণ করা হয়।
সোমবার (১৫ জুন ২০২৬) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলার পৌরসভার বাত্তলা মহল্লায় কৃষি জমির মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে দেখা যায়, কৃষিজমির টপ সয়েল ভেকুর মাধ্যমে কেটে বেড়ি নির্মাণ করা হচ্ছে, যা কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাসের পাশাপাশি পরিবেশের জন্যও ক্ষতিকর। এ অপরাধে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, কৃষিজমির টপ সয়েল দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা কিংবা টপ সয়েল অপসারণ সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং প্রতিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সরকারি বিধি-বিধান উপেক্ষা করে কেউ কৃষিজমির টপ সয়েল কর্তন, মাটি উত্তোলন বা পরিবেশবিধ্বংসী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনগণের স্বার্থে এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা