প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মহিন সরকার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মহিন সরকার উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের পুরান সরকার বাড়ির মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুন (বৃহস্পতিবার) সকালে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন মহিন সরকার। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মহিন সরকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন