চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সব মিলিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২২ জুন রাতে এসআই (নিঃ) মো. সাইখ বিন আহম্মেদের নেতৃত্বে সেন্দ্রা এলাকার গাজী বাড়িতে অভিযান চালিয়ে মো. বাদশা ওরফে রাজু (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে এসআই (নিঃ) নূর মোহাম্মদের নেতৃত্বে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির হোসেন (৩৯)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু হয়েছে।
এছাড়া হাজীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, পুলিশ আইনের ৩৪ ধারার একজন এবং একটি নিয়মিত মামলার একজনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে ২৩ জুন যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান।

নিজস্ব প্রতিনিধি