হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস-২০২৬। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন, “একটি দেশের টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে গ্রামের উন্নয়নের মাধ্যমে। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, সততা ও সম্মিলিত উদ্যোগ। সমবায়কে আধুনিক ও স্বনির্ভর করে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।”
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত করা হয়। ঋণ ও সঞ্চয় কার্যক্রমে সেম্ভু চন্দ্র বর্মন, একক উদ্যোক্তা হিসেবে খোকন চন্দ্র রায় ও আরিফুল ইসলাম এবং মৎস্য চাষে লিপি রানী দাস সম্মাননা লাভ করেন।
সমবায়ী কবির হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

নিজস্ব প্রতিনিধি