শাহরাস্তিতে ইউপি পর্যায়ে গ্রামীণ পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, পারিবারিক মাছের চাহিদা পূরণ এবং গৃহস্থালি পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চারটি গৃহস্থালি পুকুরে প্রদর্শনী স্থাপনের জন্য মৎস্যচাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর অধীনে এ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।ওই সময় উপজেলার চারজন সুফলভোগীর মাঝে উন্নতমানের মাছের পোনা, মাছের খাদ্য, চুন, প্রয়োজনীয় সার ও গৃহস্থালি পুকুরে প্রদর্শনী স্থাপনের জন্য অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক মাছ চাষে উদ্বুদ্ধ করা, পারিবারিক পুষ্টি নিশ্চিত করা, অব্যবহৃত ও স্বল্প ব্যবহৃত পুকুরকে উৎপাদনের আওতায় আনা এবং স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি করাই সরকারের মূল লক্ষ্য।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাছ উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ ধরনের প্রকল্প শুধু মাছের উৎপাদনই বাড়াবে না, বরং গ্রামীণ পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উপকারভোগীদের নিয়ম মেনে প্রদর্শনী পরিচালনার মাধ্যমে অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ বলেন,ইউপি পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পুকুরকে উৎপাদনমুখী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রদর্শনীগুলো নিয়মিত তদারকি ও কারিগরি সহায়তা দেওয়া হবে, যাতে সুফলভোগীরা অধিক উৎপাদন নিশ্চিত করতে পারেন এবং এলাকার অন্যান্য চাষিরাও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে আগ্রহী হন।
উল্লেখ্য, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর মাধ্যমে বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে গৃহস্থালি পুকুরে প্রদর্শনী স্থাপন, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করে আসছে।

মোঃ মাসুদ রানা