প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুর প্রেস ক্লাব কতৃর্ক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ,বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র রায় বলেন, আমরা চাই আমাদের সন্তানরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করুক। আজকের এই বৃত্তি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অভিভাবকদের উচিত সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা।

সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, আমাদের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে, এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যের পেছনে যেমন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে, তেমনি অভিভাবকদের অক্লান্ত শ্রম ও ত্যাগও সমানভাবে প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে সন্তানদের জন্য অপেক্ষা করা মায়েদের আন্তরিকতা ও যত্ন শিশুদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন, সম্ভাবনা, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন এবং শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন