শাহরাস্তিতে মাদকের বিস্তার রোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘মাদক বিরোধী জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ওইদিন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকবিরোধী এ আন্দোলনকে শুধু প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গত শুক্রবার উপজেলার পৌরশহরের ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর মহল্লার বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি যুবসমাজ ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডাঃ দিদার হোসেন এবং ব্যবসায়ী মোঃ মাকসুদ। বক্তারা বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ওই সময় কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক তরুণ-যুবক এবং সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সবাই ‘মাদককে না বলি, মাদকমুক্ত পরিবার গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রত্যয়ে শপথ নেন এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি