প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৪:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চার সন্তানের জননী এবং স্থানীয় একটি বিউটি পার্লারের পরিচালিকা ছিলেন। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে শাহরাস্তি পৌর এলাকার দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্না মনোহরগঞ্জ উপজেলার লাল চাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগম দম্পতির কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তাঁর বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বপ্না প্রথমে ওমর ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দ্বিতীয়বার তিনি শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন; সেখানেও সম্পর্ক বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিল, তবে এ সংসারে সন্তান ছিল না। তিনি সর্বমোট চার সন্তানের জননী হন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাত্র চার দিন আগে তিনি ওই ভাড়া বাসায় ওঠেন। সোমবার সকাল আনুমানিক ৮টায় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর ছোট সন্তানরা কান্নাকাটি করতে করতে নিচে এলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে বাসায় গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
বাসার মালিক মেহেদী হাসান জানান, চার দিন আগে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী তাঁর পরিচয়ে ওই মহিলার জন্য বাসা ভাড়া নেন।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, স্বপ্না ২০২৪ সালের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও নির্বাচন করেছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন