চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করার জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. মনিরুজ্জামান পাটওয়ারী। গত রোববার (১২ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: এরশাদ উদ্দিন এর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদসমূহে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩ ধারার ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালত পরিচালনা করার জন্য প্যানেল গঠন করা হয়। এর মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনা করতে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীকে বিচারিক দায়িত্ব প্রদান করেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ জনগণ দ্রুত ও কার্যকর সেবা পাবেন। এ বিষয়ে মো. মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, আমি চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক আফতাবুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রশাসন সহ ইউনিয়নবাসী সকলের সহযোগিতা কামনা করছি।

মাসুদ হোসেন