চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পর্যায়ের চিকিৎসাসেবায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে Replacement Hemiarthroplasty with Bipolar Prosthesis (কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার। একই সঙ্গে ধারাবাহিকভাবে হেমি থাইরয়েডেক্টমিসহ একাধিক জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচারে সাফল্যের মাধ্যমে শাহরাস্তির মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার মফস্বলে উন্নত চিকিৎসাসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হাসপাতালটিতে সফলভাবে সম্পন্ন হয় কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার। সংশ্লিষ্টদের মতে, এতদিন এ ধরনের জটিল অর্থোপেডিক সার্জারির জন্য রোগীদের ঢাকাসহ বড় শহরের বিশেষায়িত হাসপাতালে যেতে হলেও এখন সেই সেবা মিলছে শাহরাস্তিতেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, বয়স্ক ব্যক্তি কিংবা সড়ক দুর্ঘটনায় উরুর হাড়ের উপরের অংশ (Femoral Neck) ভেঙে গেলে সাধারণত এ ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এতে ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্টের বলের অংশ অপসারণ করে উন্নতমানের Bipolar Prosthesis প্রতিস্থাপন করা হয়। ফলে রোগী দ্রুত হাঁটাচলা শুরু করতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে সুবিধা হয়।
অস্ত্রোপচারটি পরিচালনা করেন অর্থোপেডিক সার্জন ডা. মো. আতীকুর রহমান সজীব। তাঁকে সহযোগিতা করেন ডা. দিপংকর চন্দ্র ভৌমিক। অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. তৌহিদুর রহমান সজীব। দক্ষ ওটি টিম, নার্সিং স্টাফ ও অপারেশন থিয়েটারের কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
এর আগে একই হাসপাতালেই সফলভাবে সম্পন্ন হয়েছে একটি হেমি থাইরয়েডেক্টমি (Hemi Thyroidectomy) অস্ত্রোপচার। দীর্ঘদিন ধরে থাইরয়েডজনিত সমস্যায় ভোগা এক রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ইএনটি সার্জন ডা. শীহাব শাহীন অস্ত্রোপচারটি পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন ডা. মো. আরিফ উল হাসান, ডা. দিপংকর চন্দ্র ভৌমিক এবং হাসপাতালের দক্ষ ওটি টিম। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. তৌহিদুর রহমান সজীব। বর্তমানে রোগী সুস্থতার পথে রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব জটিল অস্ত্রোপচার পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, অবকাঠামো ও অপারেশন থিয়েটারের সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসপাতালের পরিচালক ও চেয়ারম্যান ডা. মো. আরিফ উল হাসান। তাঁর উদ্যোগে ধাপে ধাপে হাসপাতালটিতে বিশেষায়িত অস্ত্রোপচারের পরিধি সম্প্রসারিত হয়েছে। এর ফলে শাহরাস্তিসহ চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার রোগীরাও এখন নিজ এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ভোগান্তিও কমছে।
ডা. মো. আরিফ উল হাসান বলেন, “উন্নত চিকিৎসাসেবা শুধু বড় শহরেই সীমাবদ্ধ থাকবে—এ ধারণা বদলাতে আমরা কাজ করছি। দক্ষ চিকিৎসক, অভিজ্ঞ টিম ও প্রয়োজনীয় অবকাঠামো থাকলে মফস্বলের হাসপাতালেও আধুনিক ও জটিল অস্ত্রোপচার নিরাপদে সম্পন্ন করা সম্ভব। আমাদের লক্ষ্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
উল্লেখ্য, মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার এর আগেও একাধিক ব্যতিক্রমধর্মী অস্ত্রোপচারের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসে। চলতি বছরে হাসপাতালটিতে এক নারীর শরীর থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল টিউমার এবং আরেক ২২ বছর বয়সী নারীর শরীর থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার সফলভাবে অপসারণ করা হয়। এছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা প্রায় ৬ ইঞ্চি আকারের একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই অপসারণের ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, রাজধানীর বাইরে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে এ ধরনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া স্থানীয় স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। এতে একদিকে রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হচ্ছে না, অন্যদিকে মফস্বলের হাসপাতালের প্রতিও মানুষের আস্থা বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার এবং এর চিকিৎসক দল শাহরাস্তিসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ মফস্বল অঞ্চলে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাইফুল ইসলাম সিফাত