২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ ঝুঁকি নিয়ে একটি উঁচু খুঁটির ওপর উঠে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করছেন।
ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পতাকা হাতে থাকা ওই ব্যক্তি হলেন শাওন, যিনি সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্দোলনের উত্তাল সময়ে তার এই সাহসী মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং অনেকের কাছে জুলাই আন্দোলনের একটি স্মরণীয় দৃশ্য হিসেবে পরিচিতি পায়।
পরবর্তীতে সেই ভাইরাল মুহূর্তের ছবিকে স্মরণীয় করে একটি শুভেচ্ছা স্মারক ফটোফ্রেম প্রস্তুত করা হয়, যা গণঅধিকার পরিষদের সভাপতি ও মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন শাওন। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতি এবং আন্দোলনে অংশগ্রহণকারী কর্মীদের অবদানও স্মরণ করা হয়।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শাওনের সাহসিকতার প্রশংসা করছেন এবং জুলাই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ভূমিকার কথা স্মরণ করছেন।

অনলাইন ডেস্ক