চাঁদপুরের মতলব দক্ষিণে প্রবাসী ছেলের জন্য ঔষধ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন খাদিজা বেগম (৫৫) নামে এক মা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মান্নান মৃধার স্ত্রী।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মান্নান মৃধার স্ত্রী মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া ফকির বাড়ির সোবহানের কাছে যায় প্রবাসী ছেলের জন্য ঔষধ পাঠাতে। ঔষধ দিয়ে বাড়ি ফেরার পথে তাতুয়া আমুয়াকান্দা এলাকায় বেরিবাধে আসলে দ্রুতগতির একটি হাইস গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আহত খাদিজা বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুল ইসলাম রাজিব তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খিদিরপুর এলাকার আশেক আলী মোল্লা জানান, খাদিজা বেগম খুব ভাল মানুষ ছিলেন। অনেক কষ্ট করে তার ছেলেকে বিদেশে পাঠায়। সুখের মুখ দেখার আগেই ছেলের জন্য ঔষধ পাঠাতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন।
খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস হাসপাতালে এসে লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেন। বাদী পক্ষে কোন অভিযোগ না থাকায় রাতেই খাদিজা বেগমের লাশ খিদিরপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোজাম্মেল প্রধান হাসিব