শাহরাস্তিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাহরাস্তি শাখার নবগঠিত কমিটির আমন্ত্রণে সমিতির ভবন ও নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মো. মমিনুল হক এমপি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি শাহরাস্তি শিক্ষক সমিতি উপজেলা শাখার ভবন ও প্রস্তাবিত স্থাপনা এলাকা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন, প্রাথমিক শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। কোমলমতি শিক্ষার্থীদের জীবনে পিতা-মাতার পরেই শিক্ষকের অবস্থান। তাঁদের মর্যাদা, পেশাগত পরিবেশ ও সাংগঠনিক সক্ষমতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির জন্য একটি আধুনিক ও স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় ১১ শতাংশ জমির ওপর একটি জি-৬ (ছয়তলা) ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি আধুনিক শিক্ষক সমিতির ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি হবে শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, মতবিনিময় এবং সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষক সমাজের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে আমি সবসময় আন্তরিক থাকব।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মকবুল আহমেদ মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির একটি আধুনিক ও স্থায়ী ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সংসদ সদস্যের এই পরিদর্শন এবং জি-৬ ভবন নির্মাণের পরিকল্পনা আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভবনটি বাস্তবায়িত হলে শিক্ষক সমাজের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভিন্ন পেশাগত কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্থায়ী অবকাঠামো গড়ে উঠবে।
সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী বলেন, “শিক্ষকদের জন্য একটি আধুনিক সমিতি ভবন সময়ের দাবি। এমপি মহোদয়ের আন্তরিকতা ও আশ্বাসে আমরা আশাবাদী। ভবনটি নির্মিত হলে শিক্ষক-শিক্ষিকাদের সভা, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে। আমরা দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন দেখতে চাই।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মো. আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, আদনান নোমান, ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন, শিক্ষক নেতা রুহুল কুদ্দুস লিটন, নাজমা বেগম, মো. আলী আক্কাছ পাটোয়ারী, মো. হুমায়ুন কবির, মো. হাসান জুলহাসসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় প্রায় ১৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
স্থানীয় শিক্ষক সমাজের প্রত্যাশা, পরিকল্পিত জি-৬ ভবনটি বাস্তবায়িত হলে শাহরাস্তির প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে শিক্ষক সমাজের জন্য একটি আধুনিক, স্থায়ী ও কার্যকর অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

মোঃ মাসুদ রানা