শাহরাস্তিতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সূচীপাড়া মরহুমের গ্রামের মিজি বাড়িতে প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা অর্পণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে সহযোগিতা করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০’-এর আওতায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার বিকেল ৫টায় ঢাকার সাভারে নিজ কন্যার বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা প্রশাসন, সহযোদ্ধা, স্বজন ও সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।

মোঃ মাসুদ রানা